October 14, 2026, 10:31 am
যমুনা নিউজ বিডি: বাংলাদেশের ক্রিকেটে আজ ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব অধিনায়কদের সম্মানিত করার লক্ষ্যে বিসিবি ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ এক আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনস কার্ড।
সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ক আসতে পারেননি। অনুপস্থিত ছিলেন মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের মতো অধিনায়কেরা।
অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, ‘এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সব সময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।’
দেশের মোট ৩৩ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ছেলেদের জাতীয় দলের ২৭ জন এবং মেয়েদের জাতীয় দলের ৬ অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড।