October 13, 2026, 11:35 pm
যমুনা নিউজ বিডি: ব্রাজিল জাতীয় ফুটবল দল এবার একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসতে পারে। এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতার নাম। ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ ভারতীয় আয়োজকদের সঙ্গে এই বিষয়ে অনেকদূর আলোচনা এগিয়ে নিয়ে গেছে।
চলতি ফিফা বিশ্বকাপের সময়ই সিবিএফ ও ভারতীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এই আলোচনা শুরু হয় বলে জানা যাচ্ছে। ভারতে খেলার প্রতি ব্রাজিলের আগ্রহের মূল কারণ হলো, এই বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের কাছ থেকে দলটি বিশাল সমর্থন পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসের অনেক ছবি ছড়িয়ে পড়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে ব্রাজিলের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। একটি হবে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে, আরেকটি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। তৃতীয় ম্যাচটি নিয়ে এখন আলোচনা চলছে, আর এই ম্যাচটিই হতে পারে ভারতে।
ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও দলটিকে নিয়ে যাওয়ার জোর দাবি উঠেছিল। তবে এখন পর্যন্ত শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগিয়েছে।