October 16, 2026, 6:19 am
যমুনা নিউজ বিডি: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে।
তিনি বলেন, এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত।
‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি নিজে আগে ক্রিকেট খেলেছি, এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি।
ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে, আর এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন তিনি।
তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।