October 13, 2026, 10:31 pm
যমুনা নিউজ বিডি: অবিলম্বে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছে এনসিপি।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘসময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা চেয়েছিলাম সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে হবে। কিন্তু তা না করে তাকে পদত্যাগের সুযোগ দেয়া হয়েছে। পদত্যাগপত্র দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন।
তিনি বলেন, সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রভাবিত করেছেন, ফ্যাসিবাদের শিকর গেড়েছেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সবচেয়ে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের নানা ধরনের অপরাধের সঙ্গে সাহাবুদ্দিন চুপ্পুর সংযোগ রয়েছে। তার মাধ্যমেই দেশের ব্যাংক খাতে লুটপাট ও ব্যাংক খাতগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার যাত্রা শুরু হয়েছিল। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
সদ্য সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্রের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, পদত্যাগপত্রে এমনভাবে তিনি ন্যারেটিভ (বর্ণনা) সাজিয়েছেন, যেটা আসলে তার জন্য একটি সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন, সেই অপরাধগুলোয় তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাকে বিচারের আওতায় আনা না হলে চব্বিশের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।