October 14, 2026, 5:17 pm
যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব যে ক্রিকেট অঙ্গনেও গভীরভাবে পড়ছে, তার আরেকটি উদাহরণ সামনে এলো। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ পেলেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিসিবি এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের প্রজ্ঞাপনও জারি করা হয়। দুই দেশের সম্পর্ক যখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)।
জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাসের সঙ্গে এসজির ব্যাট স্পন্সরশিপ চুক্তি নবায়ন করা হচ্ছে না। ফলে সামনে লিটনের ব্যাটে আর দেখা যাবে না এসজির স্টিকার। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইয়াসির আলী রাব্বি ও টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের ক্ষেত্রেও।
এই তিন ক্রিকেটারের এজেন্টদের দাবি, এসজি আগে থেকেই চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছিল। তবে হঠাৎ করে প্রতিষ্ঠানটি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং চুক্তি বাতিল বা নবায়ন না করার পেছনে কোনো সুস্পষ্ট কারণও জানায়নি। মুমিনুল হক নিজেও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণকে অনেকেই দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দেখছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত স্পন্সরশিপ ইস্যু নয়, বরং ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের উত্তেজনায় নতুন করে আগুনে ঘি ঢালার মতোই পরিস্থিতি তৈরি করেছে।