October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই

যমুনা নিউজ বিডি: উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। একুশে পদকপ্রাপ্ত এ সংগীতগুরু আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে আটটায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় নিজ বাসভবন মোহিনী গার্ডেন শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

অমরেশ রায় চৌধুরীর ছেলে অমিত রায় চৌধুরী জানান, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় গত ১৪-১৫ দিন ধরে ভুগছিলেন। ৮-১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়। গত পরশুদিন থেকে শরীরটা খারাপ হতে থাকে। আজ সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনেই তিনি দেহত্যাগ করেন।

অমরেশ রায় চৌধুরী ফরিদপুর জেলার চৌদ্দরশি গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯২৮ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পঞ্চম শ্রেণির ছাত্রাবস্থায় তার মা রাজলক্ষ্মী রায় চৌধুরীর একান্ত আগ্রহে প্রথম হাতেখড়ি হয় উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত কলাকার ও সুরকার ফরিদপুরের সুধীর লাল চক্রবর্তীর কাছে। তার আকস্মিক মৃত্যুর পরে সিরাজগঞ্জের উচ্চাঙ্গসংগীতবিদ হরিহর শুক্লার নিকট কয়েক বছর তালিম গ্রহণের পরে তিনি সুদীর্ঘ সময় উপমহাদেশীয় মার্গ সংগীতের স্বনামধন্য সংগীত সাধক গোপালগঞ্জের কোটালীপাড়ার সংগীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে ধ্রুপদ, খেয়াল ও ঠুমরীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

পাশাপাশি ময়মনসিংহ জেলার নেত্রকোনার বিশিষ্ট শিল্পী ও সুরকার নিখিলচন্দ্র সেনের কাছে আধুনিক গান, অতুলপ্রসাদ, রাগপ্রধান, নজরুলসংগীত ও শ্যামাসংগীত শিক্ষা গ্রহণ করেন অমরেশ রায় চৌধুরী। এছাড়া সংগীতাচার্য তারাপদ চক্রবর্তীর সুযোগ্যপুত্র প্রখ্যাত সংগীত কলাকার মানস চক্রবর্তীর কাছেও বেশ কয়েক বছর উচ্চাঙ্গসংগীতের তালিম নেন।

অমরেশ রায় চৌধুরী ১৯৪৫ সালে বাইশরশি শিবসুন্দরী একাডেমি থেকে ম্যাট্রিক পাশ করার পর লেখাপড়ায় উচ্চশিক্ষা গ্রহণের সাথে সাথে একান্ত নিষ্ঠার সঙ্গে উচ্চাঙ্গসংগীত শিক্ষা ও চর্চা অব্যাহত রাখেন। শৈশব থেকেই তার রাগসংগীতের প্রতি গভীর অনুরাগ দেখা যায়।

অমরেশ রায় চৌধুরী ১৯৬১ সাল থেকে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় মোহিনী নিকেতন বাসভবনে বসবাস করতেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী।

২০১৬ সালে শিল্পকলা ও শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদান রাখার জন্য অমরেশ রায় চৌধুরী একুশে পদকে ভূষিত হন। এ ছাড়াও তিনি ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পকলা পদক পান।

আজ নগরীর পঞ্চবটি মহাশ্মশানে সন্ধ্যা ৬টায় অমরেশ রায় চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে বিকাল ৪টা থেকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD