October 14, 2026, 12:39 am
যমুনা নিউজ বিডি: শেষ দিকে বদলি নেমে আবারও নায়ক মিকেল মেরিনো। পর্তুগালের বিপক্ষে জয়ের পর এবার বেলজিয়ামের বিপক্ষেও বদলি হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তের গোলে স্পেনকে ২-১ ব্যবধানে জিতিয়ে সেমিফাইনালে তুলেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। তবে একের পর এক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৩০তম মিনিটে জালের দেখা পায় স্প্যানিশরা। দারুণ এক আক্রমণে দানি ওলমোর প্রথম শট ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু ফিরতি বলে ফাবিয়ান রুইজ গোল করে স্পেনকে এগিয়ে দেন।
৩৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় স্পেন। লামিন ইয়ামালের জোরালো শটও দারুণ দক্ষতায় রুখে দেন কোর্তোয়া।
তবে ৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারে দুর্দান্ত হেডে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। এই সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় স্পেন। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ইয়ামালের নিশ্চিত গোলের সুযোগও অসাধারণভাবে ঠেকিয়ে দেন কোর্তোয়া।
তবে ৭২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ান গোলরক্ষক। কান্নাজড়িত চোখে মাঠ ত্যাগ করেন কোর্তোয়া। তাঁর পরিবর্তে মাঠে নামেন সেনে লামেন্স।
শেষ পর্যন্ত ম্যাচের ৮৮তম মিনিটে আসে সিদ্ধান্তসূচক গোল। ৮৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো দুই মিনিটের মধ্যেই জালের দেখা পেয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করে স্পেন সেমিফাইনালে জায়গা করে নেয়।