October 14, 2026, 5:44 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিশ্বকাপ মিশনের আগে আর্জেন্টিনার বড় সুখবর

যমুনা নিউজ বিডি: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় স্বস্তি ফিরল আর্জেন্টিনা শিবিরে। সব শঙ্কা ও সংশয় উড়িয়ে অবশেষে দুই হাতে গ্লাভস পরে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ডানহাতের আঙুলের চোট কাটিয়ে তার এই প্রত্যাবর্তন কোচ লিওনেল স্কালোনির মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। আর তার আগেই দলের প্রধান অতন্দ্র প্রহরীর সম্পূর্ণ ফিট হয়ে ওঠা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য অনেক বড় বুস্টার ডোজ।

গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালে জার্মানির ক্লাব ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্ম-আপের সময় ডানহাতের অনামিকায় ফ্র্যাকচারের (হাড় ফাটল) শিকার হন এই অ্যাস্টন ভিলা তারকা। চোট নিয়ে ব্যথানাশক ইনজেকশন পুশ করেই সেদিন ক্লাবের হয়ে ইউরোপা লিগ জয়ের উল্লাসে মেতেছিলেন তিনি।

এরপর থেকেই শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। চোটের শুরুর দিকে ডানহাতে স্প্লিন্ট পরে কেবল এক হাতে গ্লাভস গলিয়ে হালকা অনুশীলন চালিয়ে যান ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে গত বৃহস্পতিবার সব জড়তা ও শঙ্কা কাটিয়ে চোটাক্রান্ত হাতেও গ্লাভস পরে পূর্ণাঙ্গ কিপিং সেশন শেষ করেছেন তিনি।

আঙুলের এই চোটের কারণে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি মার্তিনেজ। তবে আলবিসেলেস্তেরা ম্যাচ দুটি জিতলেও পোস্টের নিচে তার অনুপস্থিতি ভক্তদের চিন্তায় রেখেছিল। অবশেষে সেই চিন্তার অবসান ঘটছে। আর্জেন্টিনার মেডিকেল টিম শতভাগ নিশ্চিত করেছে যে, আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শুরুর একাদশে দেখা যাবে দলের এই ‘বাজপাখি’কে।

অ্যাস্টন ভিলার হয়ে সদ্য সমাপ্ত মৌসুমটা রূপকথার মতো কেটেছে মার্তিনেজের। তার অতিমানবীয় পারফরম্যান্সে ভর করেই ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে ভিলা। একই সাথে জায়গা করে নিয়েছেন ইউরোপা লিগের মৌসুমসেরা দলেও।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ে পেনাল্টি শুটআউটের নায়ক মার্তিনেজ জিতেছিলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’। এরপর ২০২৪ সালের কোপা আমেরিকাতেও তিনি টাইব্রেকারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গোল্ডেন গ্লাভস নিজের করে নেন।

ক্লাব ও জাতীয় দলের হয়ে ফর্মের তুঙ্গে থাকা ‘দিবু’ মার্তিনেজ এবার আরও একটি বৈশ্বিক মঞ্চে আর্জেন্টিনার দুর্গ সামলাতে পুরোপুরি প্রস্তুত। তার এই ফেরা আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনকে যে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD