October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

উখিয়া-টেকনাফ আসনে ভোটযুদ্ধে চার প্রার্থী, জমে উঠেছে নির্বাচনি মাঠ

যমুনা নিউজ বিডি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে ভোটের মাঠে লড়ছেন চারজন প্রার্থী। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় পুরো এলাকায় নির্বাচনি আমেজ তৈরি হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। এ সময় কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে অংশ নেওয়া ১৭ জন প্রার্থীরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা নুরুল হক (হাতপাখা্‌), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) প্রার্থী সাইফুদ্দিন খালেদ সিংহ ।
রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে উপস্থিত প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন।
উখিয়া-টেকনাফে প্রার্থীরা গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। উখিয়া ও টেকনাফের বিভিন্ন বাজার, ইউনিয়ন ও গ্রামে পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী মাঠে প্রার্থীরা উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী— টেকনাফ উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২ হাজার ৭৮১ জন (পুরুষ ১ লাখ ৩ হাজার ৬৯৮, মহিলা ৯৯ হাজার ৮০), মোট ভোট কেন্দ্র ৬১টি।
উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৭৭ জন (পুরুষ ৮৯ হাজার ১০৮, মহিলা ৮৩ হাজার ৮৬৯), মোট ভোট কেন্দ্র ৫৪টি।
মোট উখিয়া-টেকনাফের ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৮০৬ জন, মহিলা ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৫২ জন। মোট ভোট কেন্দ্র ১১৫টি।
ভোটারদের প্রত্যাশা জানিয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ভোটার আবদুল মজিদ বলেন, “আমরা চাই সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। সীমান্ত এলাকার মানুষ হিসেবে নিরাপত্তা ও কর্মসংস্থান আমাদের বড় সমস্যা। যে প্রার্থী এগুলো সমাধান করবে তাকেই ভোট দেব।”
টেকনাফ পৌরসভার ভোটার রাশেদুল ইসলাম বলেন, “যারা দেশের কল্যাণে কাজ করবে, সাধারণ মানুষের পাশে থাকবে, বেকার যুবসমাজের কথা ভাববে, নারী ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন করবে—আমরা এমন সরকার চাই। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ দেখতে চাই।”
হোয়াইক্যং এলাকার তরুণ ভোটার হুমায়ুন আজাদ আকাশ বলেন, “এই সীমান্ত অঞ্চলে তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা এমন জনপ্রতিনিধি চাই যারা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে। এবার আমরা নতুন প্রজন্ম সচেতনভাবে ভোট দেব।”
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD