October 14, 2026, 1:36 am
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানে আমিরাবাদের মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসকে ৫০ হাজার টাকা, মেসার্স বিকেবি ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ১ লাখ টাকা এবং মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।