October 14, 2026, 2:43 am
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের ভেতর মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন, তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন ফোরকান। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিদের (ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক) অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করেন তিনি। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করে। তবে শিক্ষার্থীরা জানান, শুধু সাময়িক বরখাস্ত নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
অবরোধের খবর পেয়ে রেলওয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে কার্যকর আশ্বাস না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।