October 14, 2026, 4:44 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: রাজশাহীতে পিআইবির মহাপরিচালক

যমুনা নিউজ বিডি: পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদেরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তাই এসব প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই করা অপরিহার্য।

আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পিআইবির মহাপরিচালক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।

এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার সহায়ক প্রযুক্তি, তাই এগুলোর দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই করা অপরিহার্য। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত নৈতিকতা আরও সমৃদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করতে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এসব উদ্যোগের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সাংবাদিকরা আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও প্রযুক্তি-সচেতন সাংবাদিকরাই জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা, যা গণমাধ্যমের বিশ্বাস যোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের অভিজ্ঞতা কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন জানান, এআই সাংবাদিকের বিকল্প নয়; বরং তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও সংবাদ প্রস্তুতিতে এটি একটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে পাওয়া প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই সংবাদ প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপি রাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD