October 13, 2026, 11:37 pm
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীরজাঁহাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
আটককৃতরা হলেন, একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তার (৩৮) এবং তার সহযোগী মো. জাহিদ হোসেন (২০)।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার পৌরসভার আলীরজাঁহাল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের চালান মজুত রেখে লেনদেন এবং অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ২ টি বন্দুক, ৩টি ছোরা, ১ হাজার ৩০ টি ইয়াবা, ২টি নাম্বার বিহীন মোটরসাইকেল ও মাদক বিক্রি বাবদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। সংঘবদ্ধ একটি চক্র বসত ঘরটিতে মাদকের চালান মজুত রেখে লেনদেনের পাশাপাশি অস্ত্রধারীর পাহারায় নিয়মিত মাদক সেবনের আসর বসাতো।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।