October 14, 2026, 8:54 pm
যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, ইরান যদি যুদ্ধ শেষ করার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে দেশটির ওপর আবারও বিমান হামলা চালানো হবে এবং নৌ অবরোধ অব্যাহত থাকবে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ-অবরোধ বজায় রাখবে এবং নির্দেশ অমান্য করা হলে শক্তি প্রয়োগ করা হবে।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, নতুন দফার আলোচনা খুব সম্ভবত ইসলামাবাদ-এ অনুষ্ঠিত হতে পারে এবং একটি সম্ভাব্য চুক্তি নিয়ে তারা ‘আশাবাদী’।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতির সময় কাজে লাগিয়ে তারা সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন বলেন, নৌ অবরোধটি সব দেশের জাহাজের ওপর প্রযোজ্য, যারা ইরানের বন্দরে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করবে।
তিনি সতর্ক করে বলেন, ‘এই অবরোধ অমান্য করলে আমরা শক্তি প্রয়োগ করব।’
ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি এসেছে। দেশটির সামরিক কমান্ডের প্রধান আলি আবদোল্লাহি বলেছেন, অবরোধ না উঠালে পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরজুড়ে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালীতে নৌ টহল জোরদার করে, তবে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
বিশ্লেষকদের মতে, চলমান সংকট কেবল সামরিক নয়, বরং বৈশ্বিক জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তার ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।