October 14, 2026, 11:17 pm
যমুনা নিউজ বিডি: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দেশটির কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে তেহরানের নর্মাক এলাকায় তার নিজ বাসভবনে এই হামলা চালানো হয়।
বটিশ সংবাদমাধ্যম দি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরের পরপরই এই হামলার ঘটনাটি ঘটল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যৌথভাবে তেহরানে এই ‘টার্গেটেড কিলিং’ মিশন পরিচালনা করে।
মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার শাসনামলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের কারণে তিনি সারাবিশ্বে আলোচিত ও বিতর্কিত ছিলেন। বিশেষ করে তার আমলে পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের চরম অবনতি ঘটে।
এদিকে, তেহরানে এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউস ও ইসরায়েল সরকারের পক্ষ থেকে এই অভিযানের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, সর্বোচ্চ নেতা খামেনির পর সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের মৃত্যু ইরানকে এক গভীর রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। তেহরানে এখনো হামলার সাইরেন বাজছে এবং নতুন করে আরও হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।