October 14, 2026, 12:38 am
যমুনা নিউজ বিডি: শীত পড়তেই যেনো বাংলার ঘরে ঘরে ভেসে আসে ভাপা পিঠার ঘ্রাণ। শহরের মোড়েও এখন সহজেই মিলছে এ ঐতিহ্যবাহী পিঠা। তবে পরিবারের সঙ্গে নিজের হাতে তৈরি ভাপা পিঠার স্বাদই আলাদা। তাই শীতের সকালে আপনাদের জন্য রইলো ঘরেই বানিয়ে নেয়ার সহজ ভাপা পিঠার রেসিপি।
উপকরণ
চালের গুঁড়া – ২ কাপ
খেজুর গুড় – ১ কাপ
নারিকেল কোরানো – ১ কাপ
স্বাদমতো লবণ
ছোট বাটি
একটি পাতিল
ছিদ্রযুক্ত ঢাকনি বা ভাপা পিঠার ছাঁচ
প্রস্তুতপ্রণালি
প্রথমে চালের গুঁড়া ভালোভাবে চালুনিতে চেলে নিন।
এরপর গুঁড়ার মধ্যে অল্প অল্প করে পানি ছিটিয়ে ও সামান্য লবণ মিশিয়ে ঝুরঝুরে করে মেখে নিন। খেয়াল রাখবেন—গুঁড়ো যেন দলা বাঁধতে না পারে।
পাতিলে পানি দিয়ে চুলায় বসান। ওপরে ছিদ্রযুক্ত ঢাকনি রেখে ধোঁয়া বের হওয়ার পথ বন্ধ করে দিন (মাটি বা আটা দিয়ে)।
এবার ছোট বাটিতে এক চামচ চালের গুঁড়া নিয়ে মাঝখানে প্রয়োজনমতো খেজুর গুড় দিন।
ওপরে আবার অল্প গুঁড়া ছড়িয়ে পাতলা কাপড়ে ঢেকে নিন।
কাপড়মোড়া বাটিটি উল্টে ছিদ্রযুক্ত ঢাকনির ওপর বসিয়ে বাটি সরিয়ে নিন। ২–৩ মিনিট ভাপ নিলেই পিঠা তৈরি।
পিঠা উঠিয়ে ওপরে নারিকেল কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
শীতের সকালে ধোঁয়া ওঠা ভাপা পিঠা—এক প্লেটে মুগ্ধতার স্বাদ। তাই আজই ট্রাই করতে পারেন এ সহজ রেসিপিটি।