October 13, 2026, 11:35 pm
যমুনা নিউজ বিডি: শীতের সঙ্গে প্রকৃতির বার্তা দিচ্ছে, বাড়ছে ঠান্ডা। নিত্যদিন কাজের সময় পানি ব্যবহার এড়ানো যায় না-বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না-সবই করতে হয়। ঠান্ডা পানি ও সাবানের সংস্পর্শে হাতের চামড়া খসখসে হয়ে যায়, কুঁচকে যায় এবং এগজিমার ঝুঁকি বাড়ে। তাই শীতে হাতের অতিরিক্ত যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি
১. দুই চা চামচ চিনি আর আধা চা চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন দু’মিনিট। ব্যস, তৈরি হ্যান্ড স্ক্রাব! এয়ারটাইট কৌটোয় রেখে অনেকদিন ব্যবহার করতে পারবেন।
২. একটা ছোট আলু সেদ্ধ করে ঠাণ্ডা করে নিন। আলুটা থেঁতো করে এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটা হাতে ১৫ মিনিট লাগিয়ে রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
৩. হাতে নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগিয়ে রেখে দিন সারারাত। তবে ঘুমানোর আগে গ্লাভ্স পরে নিতে ভুলবেন না যেন!
৪. বাসন মাজার ফলে অথবা কড়া ডিটারজেন্টের কল্যাণে অনেকেরই হাত খসখসে হয়ে যায়। যারা নিয়মিত এই ধরনের কড়া সাবান নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তারা অতি অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে হাতে লোশন বা হ্যান্ড ক্রিম লাগিয়ে শোবেন।
৫. এছাড়া পাকা কলাও খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। একটু দুধের সরের সঙ্গে মিশিয়ে লাগিয়ে নিন দু’হাতে।
৬. বাইরে বেরনোর আগে সানস্ক্রিন লাগানোর সময় অনেকেই হাতে সানস্ক্রিন লাগাতে ভুলে যান। তার ফলে মুখ আর হাত-পায়ের ত্বকের ফারাকটা চট করে চোখে পড়ে। ট্যানও পড়ে বেশি। মুখ ও ঘাড়ের পাশাপাশি হাতেও অবশ্যই সানস্ক্রিন লাগাবেন।
৭. নখেরও যত্ন নিন। পুরনো নেলপালিশ তুলে ফেলুন। পার্লারে গিয়ে ম্যানিকিওর করাতে পারেন।
৮. গরম পানিতে মাইল্ড শ্যাম্পু মিশিয়ে তাতে হাত ডুবিয়ে রাখুন। তারপর একটা নরম ব্রাশ দিয়ে কিউটিক্লস পরিষ্কার করে নিন। শেষে হাতে ক্রিম লাগিয়ে নিতে ভুলবেন না!