October 14, 2026, 7:06 pm
যমুনা নিউজ বিডি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ও বিকেলে ৫টার দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তিনটি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বৈঠকগুলোতে মূলত আলোচনা হয়েছে কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা যায় এবং বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে সেই সম্পর্কগুলোকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।
হুমায়ুন কবির আরও বলেন, আজকের আলোচনার শুরুতে তাঁরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিএনপির যে ডেভেলপমেন্ট প্ল্যান বা উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে সাক্ষাতে। কীভাবে ট্রেড, ইনভেস্টমেন্ট, কো-অপারেশন ও পিপল-টু-পিপল কানেকটিভিটি বাড়ানো যায়—এসব বিষয়ে আলাপ হয়েছে।