October 14, 2026, 7:54 pm
যমুনা নিউজ বিডি: জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের ‘সম্ভাব্য ক্রয়’ বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসলামাবাদে এক আলোচনায় অংশ নেন তারা।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে উভয় দেশের বিমানবাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ ও বিমানপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এই সফরকালে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান একটি জ্যেষ্ঠ প্রতিরক্ষা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।