October 13, 2026, 10:31 pm
যমুনা নিউজ বিডি: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি। প্রশাসন ও সমাজে আগের সংস্কৃতিই অনেকটা রয়ে গেছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কাকরাইলের তথ্য ভবনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে পরিবর্তন দেখছি না। আগে যারা ঘুষ খেতেন, তারা ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছেন। একইভাবে, যারা ভালো একটা কাজ আটকে দিতেন, তারা এখনো তা আটকে দিচ্ছেন। একইভাবে লোকজন ভোল পাল্টাচ্ছেন। ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছেন।’
তিনি বলেন, ‘কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদের বলা দরকার। আমি দেখছি, কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেতেন, তারা ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছেন। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিতেন, তারা আটকে দিচ্ছেন। একইভাবে ভোল পাল্টাচ্ছেন, পাল্টে দিয়ে চলে আসছেন। তারাই তো এখন বেশি জুলাইযোদ্ধা হয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘এই কথাগুলো আক্ষেপে বলছি। আমার বয়স অনেক। আমি সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি আমাদের মধ্যে দেখছি না।’