October 14, 2026, 1:38 am
যমুনা নিউজ বিডি: দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-এর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ এবং ২০২৪–২৫ অর্থবছরে কর সংক্রান্ত অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে মোট ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, প্রচলিত আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কর সংক্রান্ত বিষয় ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ তুলেছেন ভোক্তাদের একাংশ। অভিযোগকারীদের দাবি, কিছু পণ্য ‘অর্গানিক’, ‘খাঁটি’ বা ‘প্রাকৃতিক’ হিসেবে প্রচার করা হলেও বাস্তবে সেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে কেউ কেউ মসলার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার একজন প্রবাসী ভোক্তা দাবি করেছেন, ঘরের বাজার থেকে কেনা ‘এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’ নিয়ে পরে তার সন্দেহ তৈরি হয়। এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুস সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। পরে খুদে বার্তায় তিনি জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের লিগ্যাল টিমের সঙ্গে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামশেদ মজুমদারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, ই-কমার্স খাতে ভোক্তাদের আস্থা বজায় রাখতে কর আইন মেনে চলার পাশাপাশি পণ্যের মান, বিজ্ঞাপনের সত্যতা এবং ভোক্তা অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।