October 13, 2026, 11:37 pm
যমুনা নিউজ বিডি: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলোতে হামলা জোরদার করে দেশটির ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার মাধ্যমে হুথিরা দেখাতে চাইছে যে, বিমান হামলার পরও তারা পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে।
শনিবার (২৫ জুলাই) এক বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে হুথি নেতারা বারবার ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, তারা সৌদি আরবের অর্থনীতির মূলভিত্তি হিসেবে পরিচিত আরামকোর তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবেন।
এর আগেও হুথিরা আরামকোর তেল সংরক্ষণাগারে হামলা চালিয়ে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটিয়েছিল। ওই হামলার পর সৌদি আরব ইয়েমেনে আট বছর ধরে চলা সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের অবসান ঘটাতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছিল।
বিশ্লেষকদের মতে, সর্বশেষ হামলার মাধ্যমে হুথিরা তাদের ‘সেকেন্ড-স্ট্রাইক ক্যাপাবিলিটি’ বা প্রথমে হামলার শিকার হওয়ার পরও কার্যকর পাল্টা হামলা চালানোর সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চাইছে।
এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান এবং ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংঘাতেও একই ধরনের কৌশল অনুসরণ করেছিল হুথিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, অবরোধ আরোপের পর হুথিরা সৌদি আরবকে দুটি বিকল্প দিয়েছিল, অবরোধ প্রত্যাহারে আলোচনায় বসা অথবা পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়া। সৌদি আরব দ্বিতীয় পথ বেছে নেওয়ায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি অব্যাহত রয়েছে।