October 14, 2026, 12:27 pm
যমুনা নিউজ বিডি: ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে ২০২৬’ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ১১ জুলাই ২০২৬ সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার পাশের আসনে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ক্যাম্পাসে পৌঁছে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। পরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে ‘১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের উপস্থাপনা তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ করা হবে। প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন প্রধানমন্ত্রী।
পরে তিনি ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন। পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায়ও অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী। সভায় বক্তারা দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে ঢামেকের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ঢামেকের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।