October 14, 2026, 4:49 am
যমুনা নিউজ বিডি: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছেই প্রাণহানির সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫২০ জন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ২০০ মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটকে পড়াদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ২৫০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেদসঁ সঁ ফ্রোঁতিয়ের (এমএসএফ)-এর ভেনেজুয়েলা শাখার মেডিকেল কোঅর্ডিনেটর হালিমা হুসেইন জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরসহ দেশের বহু এলাকায় এখনও মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি বলেন, গৃহহীন মানুষদের আশ্রয় দিতে স্থানীয় পৌরসভাগুলো বিভিন্ন ক্রীড়া স্টেডিয়াম ও খেলার মাঠকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরের কাজ করছে।